ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাপা চেয়ারম্যান।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জিএম কাদের।
শোক বার্তায় জিএম কাদের বলেছেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।